২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারদের ইটে শিশু আহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার যাত্রীবাহী একটি বাসে পিকেটারদের হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার সকালে শেখর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এই ঘটনায় আহত শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি থেকে জনগণ বিশেষ করে শিশুদের ওপর হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্মা প্রকাশের একদিন বাদেই ইসলামী ছাত্রশিবিরের হরতালে এই ঘটনা ঘটল।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী আল-আমিন পরিবহনের বাসটি সকাল ৯টার দিকে রামচন্দ্রপুর এলাকায় পিকেটারদের কবলে পড়ে।

Image
হরতালের সকালে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা।

হরতালের সকালে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা।

“হরতাল সমর্থক ১০/১২জন শিবিরকর্মী বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বাসের জানালার কাচ ভেঙে একটি ইট শিশু সোহানের মাথায় লাগে । এতে সে গুরুতর আহত হয়।”

ছয় বছরের সোহান শেখ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দড়িসহস্রাইল গ্রামের ফল ব্যবসায়ী সেলিম শেখের একমাত্র ছেলে ।

তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় ঢাকায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. খালেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটটি তার মাথার বাম পাশে লেগেছে, এতে কান ও চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

সোহানের বাবা সেলিম শেখ জানান, সোহান তার মা শাহনাজ বেগমের সঙ্গে বাসে করে একই উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের নানা বাড়ি যাচ্ছিল ।

ওসি জানান, আহত অন্য চারজন আশঙ্কামুক্ত।

হামলাকারী শিবিরকর্মীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।