২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাহমুদুর ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছেন’

তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার হলেও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ‘গণবিরোধীদের’ কোনো ছাড় দেয়া হবে না ।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের এক হরতালবিরোধী সমাবেশে টুকু বলেন, “মাহমুদুর রহমান ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এটি কোনোক্রমেই মেনে নেয়া যায় না। এ কারণেই আইনের শাসন প্রতিষ্ঠায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় মাহমুদুর রহমানকে।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ঢালাওভাবে ‘নাস্তিক’ আখ্যায়িত করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাহমাদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সময়ও বেঁধে দিয়েছিল গণ জাগরণ মঞ্চ।

শামসুল হক টুকু বলেন,  “যে যতো বড় শক্তিশালী নেতা, সাংবাদিক, ব্লগারই হোন না কেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাকে আইনের আওতায় আনা হবে।”

গত শনিবার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ও তাদের দাবির প্রতি ইংগিত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ‘নারী প্রগতির পথ রুদ্ধ করার ষড়যন্ত্রে’ মেতে ওঠেছেন।

“জামায়াতকে দিয়ে যখন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না, তখন ধর্মান্ধগোষ্ঠীকে উসকে দিয়ে হেফাজতে ইসলামের পেছনে কোটি কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।”

ওই সমাবেশ থেকে ১ত দফা দাবিতে হরতাল ঘোষণা করে হেফাজত, যাতে নারী নীতি বাতিল ও নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবিও রয়েছে।

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা ওই সমাবেশে উপস্থিত হয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে সংহতিও জানিয়ে আসেন।  

হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরোত থাকার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নৈরাজ্যের পথ পরিহার করুন। আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিন।”

গত রোববার হেফাজতের হরতালের পর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ৩৬ ঘণ্টা হরতাল করে। আর বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে ইসলামী ছাত্রশিবির।

এই হরতালের প্রতিবাদেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কৃষক লীগ।

সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী সমাবেশে বক্তব্য দেন।

পুরনো খবর:

মাহমুদুর গ্রেপ্তার আইসিটি আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী