২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রা শুরু করতে যাচ্ছে ‘অন্বেষণ’

ডয়েচে ভেলের বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক বাংলা অনুষ্ঠান ‘অন্বেষণ’ এর সম্প্রচার শুরু হচ্ছে। এটি বাংলায় জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রটির প্রথম টেলিভিশন অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 10:17 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ জানান, আগামী ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশের পর্দায়  অনুষ্ঠানটি প্রচার শুরু হবে।

“বিজ্ঞান-প্রযুক্তি, পরিবেশ এবং লাইফস্টাইল মূলত এই তিন বিষয় হবে অন্বেষণ -এর মূল বিষয়বস্তু। মহাকাশযাত্রা সংক্রান্ত প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিংবা আধুনিক চিকিৎসা পদ্ধতি এসব কিছু নিয়ে সর্বাধুনিক গবেষণার ফল থাকবে এই অনুষ্ঠানে।”

অনুষ্ঠানটিতে শুধু জার্মানি বা ইউরোপের গবেষণাই নয়, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের বিভিন্ন গবেষণা থেকে বিষয় খুঁজে নেয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ডয়েচে ভেলের প্রসার বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে বিভারবার্গ বলেন, "আমাদের বাংলায় অনুষ্ঠান প্রচারের ইতিহাস ৪০ বছরের। সময়ের দাবি মেটাতে স্থানীয় বিষয়াবলীকে গুরুত্ব দিয়ে টেলিভিশন সম্প্রচার হচ্ছে তারই ধারাবাহিকতা।”

আর জার্মানিকে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ‘উচ্চতর গবেষণার কেন্দ্র’ আখ্যায়িত করে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেশট কনসে ‘অন্বেষণ’ এর সাফল্য কামনা করে বলেন, “জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যপক আগ্রহ রয়েছে। এই অনুষ্ঠানটি জার্মানির নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তির সাথে বাংলাদেশের মানুষের পরিচয় ঘটিয়ে দেবে।”

অন্বেষণ এর সঞ্চালক দেবারতি গুহ বলেন, অনুষ্ঠানটি তৈরি করা হচ্ছে বন শহরে ডয়েচে ভেলের কার্যালয়ের একটি সর্বাধুনিক স্টুডিওতে।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, অন্বেষণ প্রচারিত হবে সপ্তাহের প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। এছাড়া রোববার রাত দেড়টা এবং বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে।