‘এবারো পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তি’
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এবারো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক।
বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভর্তির জন্য পরীক্ষা নেয়ার পক্ষেই বেশি মত আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকার গতবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
অবশ্য গত নভেম্বরে ভর্তি পরীক্ষার সময়ও স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, পরেরবার থেকে তিনি পরীক্ষা পদ্ধতি বাদ দেয়ার পক্ষে।
সারাদেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে গত সোমবার । পরীক্ষার ফল প্রকাশের পরপরই মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। কিন্তু ভর্তি পদ্ধতি নিয়ে গতবারের টানাপড়েনের পর এবার শীক্ষার্থীদের ভার্গে কী ঘটবে- তা নিয়ে চলছিল অনিশ্চয়তা।
এর আগে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং বাংলাদেশ মেডকেল অ্যাসোসিয়েশনের নেতারাও ভর্তি পরীক্ষার পক্ষে মত প্রকাশ করেন।
বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে দেশের মেডিকেল কলেজগুলোতে কোনো ভর্তি পরীক্ষা ছিল না। ভর্তি পরীক্ষা নেয়া শুরু হয় ১৯৮০’র দশকে।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।
