শিক্ষকের পিটুনিতে দুই ছাত্র হাসপাতালে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত সপ্তম শ্রেণির ছাত্র আল বাশার ও নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক বাবর আলী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছেন তাদের অভিভাবকরা।
সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, তারা ক্লাসের ভেতর হাসাহাসি করছিল। এ কারণেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান ও লাইব্রেরিয়ান আজাদ রহমান তাদের বেত দিয়ে পিটুনি দেয় এবং কিলঘুষি মারেন।
বিষয়টি বাড়িতে অভিভাবকদের না জানানোর জন্যও তাদের ভয়ভীতি দেখান হয় বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষক আজাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই ছাত্র কঠিন বেয়াদবি করেছে। তিনি শিক্ষক হিসাবে নয় তাদের সম্পর্কে চাচা হিসাবে তিনটি বেতের বাড়ি দিযেছেন।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলতান আলি বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ক্লাশে বেত নিয়ে যাওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
