উস্কানি এলে ঘরে বসে থাকবো না: ইমরান
প্রয়োজনে লাঠি হাতে ‘সাম্প্রদায়িক শক্তিকে’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার বিকেলে লাঠি মিছিল শেষে মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা বলেন।
শাহবাগে হামলার চেষ্টা এবং মতিঝিলে নারী সাংবাদিকদের মারধরের প্রতিবাদে নানা শ্রেণি পেশার হাজারো মানুষের অংশগ্রহণে লাঠিমিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি মৎস্য ভবন-প্রেসক্লাব-হাইকোর্ট- দোয়েল চত্বর-বাংলা একাডেমী হয়ে পুনরায় প্রজন্ম চত্বরে ফিরে আসে।
নারীদের অবমাননার প্রতিবাদের এই মিছিলে সম্মুখভাবে ছিল নারীরাই।
শনিবার ঢাকায় লংমার্চের মহাসমাবেশে দায়িত্ব পালনকালে হেফাজত কর্মীরা একুশে টেলিভিশনের রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক মারধর করে। একই কর্মসূচিতে দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীও হামলার শিকার হন।
এর আগে চট্টগ্রামেও শুক্রবার মারধরের শিকার হন একাত্তর টিভির চার সাংবাদিক। ওইদিন হেফাজত কর্মীরা চট্টগ্রামে নাজেহাল করেন সাংবাদিক সুমি খানকে।
লাঠিমিছিল শেষে কর্মসূচি সফল করার জন্য আন্দোলনকর্মীদের ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, “আমরা শুরু থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এতোদিন যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছি। কিন্তু আর কোন উস্কানি এলে আমরা লাঠি হাতে জানাতে চাই, আমরাও আর ঘরের কোনে বসে থাকবো না।”
প্রয়োজনে লাঠি দিয়েই ‘সাম্প্রদায়িক শক্তিকে’ প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গত ৬ এপ্রিল শাহবাগ গণজাগরণ মঞ্চের সমাবেশ কর্মসূচিকে ‘নাস্তিকদের কমসূচি’ আখ্যা দিয়ে হামলার চেষ্টা চালায় হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন। ওই দিন সংগঠনটি ‘নাস্তিক ব্লগারদের’ শাস্তিসহ ১৩ দফা দাবিতে করে লংমার্চ কর্মসূচি পালন করে।
হেফাজতের ১৩ দফাকে সংবিধান পরিপন্থী দাবি করে ইমরান বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, যারা এ দেশকে সাম্প্রদায়িক, উগ্রবাদী, সন্ত্রাসী এবং তালেবানী অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের পরিকল্পনা কোন দিনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”
জাগরণ মঞ্চ মুখপাত্র বলেন, “এ দেশের অগ্রযাত্রার সৈনিক মা বোনেদের এই উগ্রবাদী গোষ্ঠী ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তাদের এই অপচেষ্টা কোন দিনও বাস্তবায়ন করতে দেয়া হবে না।”
এদিকে বুধবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে একাত্তরে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শোনানো হবে।
গত ২০ ফেব্রুয়ারি একাত্তরের শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি নিয়ে যে বেলুন উড়ানো হয়েছিল, তার মধ্য থেকেই নির্বাচিত কয়েকটি চিঠি পাঠ করা হবে এই আসরে। এ কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘বুকপকেটে চিঠি’।
তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিলের কর্মসূচি আগের মতোই থাকছে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
