লাঠিমিছিলে প্রতিবাদ জাগরণ মঞ্চের
শাহবাগে হামলার চেষ্টা এবং মতিঝিলে নারী সাংবাদিকদের মারধরের প্রতিবাদে লাঠিমিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার বিকাল ৫টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে এ মিছিলে অংশ নেন।
মিছিলটি মৎস্য ভবন-প্রেসক্লাব-হাইকোর্ট- দোয়েল চত্বর-বাংলা একাডেমী হয়ে পুনরায় প্রজন্ম চত্বরে ফিরে যাবে।
নারীদের অবমাননার প্রতিবাদের এই মিছিলে সামনে রয়েছে নারীরাই।
শনিবার ঢাকায় লংমার্চের মহাসমাবেশে দায়িত্ব পালনকালে হেফাজত কর্মীরা একুশে টেলিভিশনের রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক মারধর করে। একই কর্মসূচিতে দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন।
এর আগে চট্টগ্রামেও শুক্রবার মারধরের শিকার হন একাত্তর টিভির চার সাংবাদিক। ওইদিন হেফাজত কর্মীরা চট্টগ্রামে নাজেহাল করেন সাংবাদিক সুমি খানকে।
এদিকে বুধবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে একাত্তরে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শোনানো হবে।
গত ২০ ফেব্রুয়ারি একাত্তরের শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি নিয়ে যে বেলুন উড়ানো হয়েছিল, তার মধ্য থেকেই নির্বাচিত কয়েকটি চিঠি পাঠ করা হবে এই আসরে। এ কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘বুকপকেটে চিঠি’।
তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিলের কর্মসূচি আগের মতোই থাকছে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, পহেলা বৈশাখে সারা দিন শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকালে মহাসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
