ভোলায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা
ভোলার লালমোহনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো আড়াইশ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
তবে মামলার আসামিদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান।
সোমবার রাতে লালমোহন বাজারে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিএনপি ও ছাত্রলীগ কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
