২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন ৩ দিনের রিমান্ডে

নয়া পল্টনে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের  মামলায় বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 10:15 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ মঙ্গলবার এই আদেশ দেন। 

সালাহউদ্দিনের পক্ষে জামিনের আবেদন হলেও বিচারক তা নাকচ করে দেন।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করার ঘণ্টাখানেক পর গুলশানের একটি বাড়ি থেকে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই শ্যামল দেবনাথ।

এর বিরোধিতা করে সালাহউদ্দিনের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লা মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।  

গত ১ এপ্রিল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়। এর মধ্যে সংবাদ সংগ্রহের কাজে থাকা এটিএন নিউজের একটি গড়িও ছিল।

ওইদিন রাতেই পল্টন থানার এস আই মাহামুদুল হাসান ও এস আই হাফিজুর রহমান বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন।

এর মধ্যে একটি মামলা হয় গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে। অন্যটি হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব নিয়ন্ত্রণ আইনে।

দুই মামলাতেই এজাহারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৪০/৫০ কে আসামি করা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলায় সালাহউদ্দিন আহমেদকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

অন্য নেতাদের অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীরের সঙ্গে দলের সংবাদ সম্মেলনে থাকতেন কক্সবাজারের সাবেক সাংসদ সালাউদ্দিন। রোববার ফখরুল কারাগারে যাওয়ার পর দুটি সংবাদ সম্মেলন করেন তিনি।