চাঁদপুরে হরতালে যানবাহন ভাংচুর, আটক ১০
বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন চাঁদপুরে যানবাহন ভাংচুর ও সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে হরতালকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
একই সড়কের কুমারডুগি এলাকায় বেশকিছু যানবাহন ভাংচুর করে পিকেটাররা। এ সময় কয়েকজন চালককে মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক এবং জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে সকালে হরতালের সমর্থনে মিছিল বের হয় চাঁদপুর শহরে।
আমির জাফর বলেন, হরতালের মধ্যে পিকেটিং করার সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
