২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ চত্বরে বিএনপির মিছিল

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতে সংসদ চত্বরে মিছিল করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:24 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা দিকে বিএনপির সদস্যরা মিছিল শেষে সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেশও করেন।

তারা শীর্ষ নেতাদের অবিলম্বে মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান।

সমাবেশে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া দাবি করেন,"বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের যেভাবে এ সরকার গ্রেপ্তার করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সময় ছাড়া আর কখনো এমন ঘটনা ঘটেনি।"

স্বরাষ্ট্রমন্ত্রীর হরতাল প্রতিহত করার ঘোষণার সমালোচনা করেন পাপিয়া বলেন, "প্রতিহতের নামে তখন চলে বিশ্বজিতের মতো সাধারণ মানুষের হত্যা। নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় সরকারের।"

বিএনপির আরেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া বলেন, "হলমার্ক-ডেসটিনি-পদ্মা সেতু-শেয়ারবাজার কেলেঙ্কারিতে শেখ হাসিনা এখন জনবিচ্ছিন্ন। এজন্য তিনি প্রধানমন্ত্রী থেকে মুজিব কোট পরিহিত নির্বাচন কমিশনের মাধ্যমে একক নির্বাচন করতে চায়। কিন্তু সেই নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন হবে না।"

কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন, "সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদী ভুমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপির দুই-একশ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোনো লাভ হবে না, দলে শত-শত নেতাকর্মী রয়েছে।"

আবুল খায়ের ভূইয়া, নাজিম উদ্দিন আহমেদ, জয়নাল আবেদীন, এবিএম আশরাফ উদ্দিন নিজান, হারুনুর রশিদ, গোলাম মোস্তফা, মেজবাহ উদ্দীন ফরহাদ, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা ও নিলোফার চৌধুরী মনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সমাবেশ থেকে জানানো হয়, বুধবার সকাল সাড়ে আটটায় হরতালের সমর্থনে আবারো বিক্ষোভ মিছিল করা হবে।