২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাখ্যাত: সরকার

হেফাজতে ইসলামের হরতাল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

লংমার্চে বাধা দেয়ার অভিযোগ তুলে তার প্রতিবাদে সোমবার দেশব্যাপী হরতাল ডাকে গণজাগরণবিরোধী এই সংগঠনটি।

হরতালে কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের কথা উল্লেখ করে সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় “এই ধরনের ঘটনা ইসলাম ধর্মের শিক্ষা ও সমাজের শান্তি বিনষ্ট করে, তাই দেশের ধর্মপ্রাণ ও ধর্মভীরু জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে।”

রাজধানীর ভেতরে হরতালকারীদের তৎপরতা তেমন দেখা না গেলেও ঢাকার প্রবেশপথগুলো এবং বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা হয়।

চট্টগ্রাম ও ময়মনসিংহে সংঘর্ষ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতকর্মীদের রেলপথ অবরোধের কারণে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। 

Image
হরতালের সমর্থনে কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলামের কর্মীদের অবরোধ।

হরতালের সমর্থনে কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলামের কর্মীদের অবরোধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার দূরপাল্লার বাস চলাচল বাদে বিমান, ট্রেন, লঞ্চ এবং জেলা ও বিভাগীয় শহরে যান চলাচলসহ জীবনযাত্রা স্বাভাবিক ছিল।

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ৭ রাউন্ড কাঁদানে গ্যাস এবং কয়েক রাউন্ড রবার বুলেট ছোড়ে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, হেফাজতে ইসলামের উচ্ছৃঙ্খল কর্মীরা চেষ্টা চালালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।

যারা বিক্ষিপ্তভাবে সহিংস ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।