২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিয়া আইনেই ইসলাম অবমাননার বিচার চায় হেফাজত

ইসলাম অবমাননার অভিযোগ বিচারে নতুন আইনের প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাখ্যান করে শরিয়া অনুযায়ী এ ধরনের অপরাধের বিচার দাবি করেছে ফেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:54 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

সোমবার বিকাল ৪টায় সংগঠনটির রাজধানীর ৫৭, কাজী রিয়াজউদ্দিন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান হেফাজত নেতারা।

সোমবার সকালে বিবিসি অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “তারা [হেফাজত] এটা দাবি করেছে। তবে এ রকম কোনো পরিকল্পনা আমাদের নেই। কারণ আমাদের বিদ্যমান আইনেই এ বিষয়ে বলা আছে।”

বিদ্যমান আইন অনুযায়ী সরকার সব সময়ই সব ধর্মের মানুষের অধিকার রক্ষার চেষ্টা করে যাবে বলে জানান শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে প্রত্যাখ্যান করে হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসাইন কাসেমী বলেন, “বিদ্যমান আইনে নয়, ধর্ম অবমাননার বিরুদ্ধে ইসলামে যে ধরনের সাজার বিধান রয়েছে সে অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে।”

হেফাজতের ১৩ দফা দাবিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্যেরও প্রতিবাদ জানান এই হেফাজত নেতা।

তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম তাদের [হেফাজত] দাবি মানলে দেশ মধ্যযুগে ফিরে যাবে বলে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়।

মাওলানা কাসেমী বলেন, “শরিয়ত মানলে সমাজে শান্তি আসবে, নিরাপত্তা আসবে। এখানে ‘মধ্যযুগী’য় কথাটার কী অর্থ তা আমরা বুঝতে পারছি না।”

শরিয়তের বিধান সমাজে কোনো সমস্যা সৃষ্টি করে না বলে দাবি করেন কাসেমী।

তিনি অবিলম্বে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এই হেফাজত নেতা আরো দাবি করেন, গত কয়েকদিনে সারাদেশে তাদের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, যাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে প্রায় ১৫০ জন এবং তাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়ে।

এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় সংঘর্ষে হেফাজতের এক কর্মীর মৃত্যু হয় বলেও দাবি করেন তিনি। তবে নিহতের কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।