জাগরণের পতাকা মিছিল
হেফাজতে ইসলামের হরতাল প্রত্যাখ্যান করে জাতীয় পতাকা নিয়ে রাজধানীতে মিছিল করছে গণজাগরণ মঞ্চ।
সোমবার বেলা ১১টা ২০ মিনিটে শাহবাগ থেকে শুরু হয় এই মিছিল, যার সামনে ঊর্ধ্বে তুলে ধরে রাখা হয় দেশের মানচিত্র সম্বলিত বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা।
মিছিলে অংশগ্রণকারীদের প্রায় প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা রয়েছে। তাদের কণ্ঠে রয়েছে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্বের দাবি।
এসময় ‘জয় বাংলা/একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার/বীর বাঙালি জেগে উঠ, মা বোনেরা অস্ত্র ধর/জামায়াত-শিবির রাজাকার, এ মুহুর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে উঠে মিছিলের চারপাশ।
শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে শুরু হয়ে মিছিলটি রূপসী বাংলা হোটেল ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগোয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
পতাকা মিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয় শাহবাগে গণজাগরণ মঞ্চে।
মঞ্চের অন্যতম মুখপাত্র মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসী বাংলা হোটেল ঘুরে শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে পতাকা মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে গণজাগরণ মঞ্চের।
শনিবার বিকালে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে এই পতাকা মিছিলের ঘোষণা দেয়া হয়। একই সময় দেশের অন্যান্য জেলাগুলোতেও জাতীয় পতাকা হাতে মিছিল হওয়ার কথা রয়েছে।
