নারায়ণগঞ্জে সড়ক ও রেল অবরোধ, ভাংচুর
নারায়ণগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধ করে হেফাজতে ইসলামের কর্মীরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল থেকে বিকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন ফতুল্লা রেলওয়ে স্টেশন মাষ্টার জিয়াউল হক।
ভাংচুরের অভিযোগে দুই হেফাজত কর্মীকে আটক করা হয়েছে বলে জানান সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান।
লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সোমবার সারা দেশে হেফাজতে ইসলাম সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা শহরের চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
ফতুল্লা রেলওয়ে স্টেশন মাষ্টার সানোয়ার হোসেন বলেন, নিরাপত্তার কারণে সকাল ৮টার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা রেলওয়ে জামে মসজিদ থেকে হেফাজত কর্মীরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে জড়ো হয়ে সড়কে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত সমাবেশ করে।
এসময় হেফাজত কর্মীর লাঠিসোটা নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। যানবাহন চলাচলে বাধা দেয়।
হরতালে চলাকালে শহরে দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।
সকাল ৮টার দিকে হেফাজতের একদল কর্মী সোনারগাঁওয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় তারা যান চলাচলে বাধা দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যায় হরতাল সমর্থকরা।
