২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তির বিপরীতে হাতকড়া নয়’

ব্লগারদের নিঃশর্ত মুক্তি দিয়ে মুক্তচিন্তার পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত শুভসহ আটক ব্লগারদের মুক্তির দাবিতে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য্য হচ্ছে ভিন্নমতকে স্থান দেয়া।”

‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে ব্লগারদের আটক গণতন্ত্রের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কিছু দিন আগে এই তারুণ্যের জোয়ার নিয়ে আপনি সংসদে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আজ তাদের গ্রেপ্তার করে এই প্রতিদান দিলেন?”

জোবাইদা বলেন, “যুক্তির বিপরীতে হাতকড়া নয়, বুলেট নয়। আমরা যুক্তিই দেখতে চাই।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, “হেফাজতের সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে ন্যক্কারজনক বক্তব্য দেয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়েছেন। যাদের জন্য আপনারা এই আপস করছেন, আপনারা তাদের কাছেই নিরাপদ না।”

অভিনেত্রী রোকেয়া প্রাচী সমাবেশে অংশ নিয়ে বলেন, “মুক্তমনা ব্লগারদের গ্রেপ্তার করাসহ অনেক আবদার জামাতি ইসলামী মোড়কে হেফাজতে ইসলামের। আপনারা সেই দাবি মেনে নিচ্ছেন ও পূরণ করে চলেছেন।”

তিনি সরকার ও বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা যদি সব দাবি পূরণ করেন, তাহলে আপনারা আবার ক্ষমতায় গেলে কী নারী ও পুরুষের জন্য আলাদা সংসদ বানাবেন?”

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সামিয়া রহমান বলেন, “গণবিরোধী সাম্প্রদায়িক ও অযৌক্তিক দাবির মুখে ষড়যন্ত্রমূলকভাবে এই পাঁচ ব্লগারদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছে সরকারের এই ‘নতজানু’ অবস্থানের নিন্দাও জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, লেখক মঈনুদ্দীন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মাসুদুজ্জামনাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

পুরনো খবর:

৩ ব্লগারকে গণমাধ্যমে হাজিরের বৈধতা চ্যালেঞ্জ