৩ ব্লগারকে গণমাধ্যমে হাজিরের বৈধতা চ্যালেঞ্জ
সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সারাহ হোসেন এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই রিট আবেদন দায়ের করেন।
গত সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোড, পলাশী ও মনিপুরি পাড়া এলাকা থেকে ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরের দিন দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের সময় ‘জব্দ’ কম্পিউটার, ল্যাপটপসহ তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা কেন সংবিধানের ২৭, ৩১, ৩৩ এবং ৩৫ অনুচ্ছেদ ও গত ৪ ডিসেম্বর দেয়া হাই কোর্টের আদেশের লংঘন এবং আইনগত কর্তৃত্ব বহির্তূত ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়।
গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তারকৃত বা সন্দেহভাজন হিসেবে আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক রফিকউল্লাহ খান, রোবায়েত ফেরদৌস এবং ফাহমিদুল হকের পক্ষে রিট আবেদনটি দায়ের করা হয়।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেনকে বিবাদী করা হয়েছে।
গণমাধ্যমের সামনে হাজির করার ফলে রাসেল, বিপ্লব ও শুভ যে হুমকি ও বিপদের মুখে পড়েছে, সেজন্য ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ প্রদানে বিবাদীদেরকে বিশেষ করে ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম), শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেনকে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মেও রুল প্রার্থণা করা হয় রিটে।
সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদের বিধান অনুসারে গ্রেপ্তার হওয়ার পর তদন্তাধীন বা বিচারাধীন ব্যক্তিদেরকে গণমাধ্যমের সামনে হাজির থেকে বিরত রাখতেও নির্দেশনা চাওয়া হয় রিটে।
কারাগারে এবং মুক্তির পর এই তিন ব্লগারের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, রিটের বাদীরা গত ২ এপ্রিল দেশবাসীর সঙ্গে গণমাধ্যমে পারভেজ, বিপ্লব ও শুভকে দেখেছেন। ঢাকা মেট্টোপলিটন পুলিশের শাখার উদ্যোগে ওই সম্প্রচারে তাদেরকে ব্লগার, নাস্তিক এবং প্রকৃতিবাদী হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ দাড় না করাতে পারলেও সেখানে তাদেরকে মহানবী (স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্যও দায়ী করেন। এ থেকেই তারা রিট আবেদনটি দায়ের করেন।
পুলিশ একইদিন ওই তিন ব্লগারকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ত আবেদন করলে আদালত সাত দিনের হেফাজত মঞ্জুর করেন। তিন জনের জামিন আবেদনও নাকচ করে দেন তিনি।
এদের মধ্যে শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। তাকে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘তুলে নিয়ে যাওয়া হয়’ বলে তার বন্ধু ও সহপাঠীদের অভিযোগ।
আর বিপ্লব ও রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাসেল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন।
এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছে, এর মধ্য দিয়ে ‘মৌলবাদীদের’ কাছে সরকারের ‘নতি’ স্বীকার ঘটেছে।
