২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচের জন্য বিদ্যুতের দাবিতে চাষিদের সড়ক অবরোধ

বোরো চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চাষিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-সাগরদিঘী সড়কের এ অবরোধে উপজেলার ১০টি গ্রামের চাষিরা অংশ নেন। এ সময় সড়কের উভয়পাশে শত শত গাড়ি আটকা পড়ে যানজট তৈরি হলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

সখীপুর থানার ওসি মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়া ঘোনারচালা বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে কাঠের গুড়ি, বেঞ্চ, বাঁশ বেঁধে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে লাঠি মিছিল ও সমাবেশ করে বিক্ষুদ্ধ চাষিরা।

পরে তিনিসহ উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে চাষিরা অবরোধ তুলে নেন বলে জানান মহিউদ্দিন।

সমাবেশে বেলতলী গ্রামের চাষী আবদুল মালেক বলেন, প্রায় এক মাস ধরে বিদ্যুতের অভাবে বোরো ক্ষেতে সেচ দিতে না পারায় ‘থোর’ আসা ধান ক্ষেতেই মরে যাচ্ছে।

ঘোনারচালা গ্রামের জুলহাস উদ্দিন, আবুল হাশেম ও আবদুস সাত্তার জানান, লোডশেডিং এর কারণে দিনে-রাতে চার ঘণ্টা বিদ্যুৎ পেলেও লো-ভোল্টেজ থাকায় তারা বোরো ক্ষেতে পানি দিতে পারছেন না।

বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা না হলে চলতি মৌসুমে তাদের গোলায় একমুঠো ধানও উঠবে না বলে আশঙ্কা প্রকাশ করেন চাষিরা।

এদিকে দুপুরে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহসহ নয় দফা দাবিতে টাঙ্গাইল শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মওলানা ভাসানী কৃষক সমিতি।

সমিতির সভাপতি এম এ আজাদ সোবহানী খান ভাসানীর সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা ও টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহাদত আলীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় সমিতি।