পুকুর কাটার সময় মাটিচাপায় নিহত ২ শ্রমিক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার ইব্রাহীমপুর গ্রামে পুকুর কাটার সময় তারা মাটিচাপা পড়েন বলে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতরা হলেন- ইব্রাহীমপুর গ্রামের নভেদ মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (২০) এবং আব্দুল গনি মণ্ডলের ছেলে মতিয়ার রহমান (৩০)।
নিহত সিরাজুল ইসলামের ভাই আকিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অন্য শ্রমিকদের সঙ্গে তার ভাইও ইব্রাহীমপুর গ্রামের আবু বকরের পুকুর কাটছিলেন।
“এক পর্যায়ে পুকুর পাড় থেকে মাটির একটি বড় চাঁই ধসে পড়লে এর নিচে চাপা পড়েন সিরাজুল ও মতিয়ার।”
গ্রামবাসী তাদের তুলতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
শৈলকুপা থানার ওসি আব্দুল বারী বলেন, খবর পেয়ে শৈলকুপা ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
