২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকতে হলে দাবি মানতে হবে: হেফাজত

সরকার ‘নাস্তিক্যবাদীদের’ মদদ দিচ্ছে মন্তব্য করে হেফাজত আমির বলেছেন, ‘ক্ষমতায় থাকতে হলে’ তাদের ১৩ দফা দাবি পূরণ করতে হবে। 

মঈনুল হক চৌধুরী

রিয়াজুল বাশার, শেখ আবদুল্লাহ ও গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শাহবাগের কথিত ‘নাস্তিক ব্লগারদের’ শাস্তি দেয়া না হলে দেশ ‘অচল’ করে দেওয়ারও হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ থেকে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল, ৯ বিভাগীয় শহরে ১১ থেকে ৩০ এপ্রিল মহাসমাবেশ এবং ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সমাবেশে হেফাজতের আমির আল্লামা শাহ আহমেদ শফীর লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছেলে আনাস আহমদ মাদানী।

তিনি বলেন, “নাস্তিকদের ঠাঁই এ দেশের মাটিতে হবে না। ইসলামকে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মঙ্গলপ্রদীপ স্থাপনসহ এ দেশকে ইসলামবিরোধী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। জঙ্গি দমনের নামে বিদেশি সেনা ডেকে আনার চেষ্টা চলছে। যে দলই হোক- ক্ষমতায় থাকতে হলেও মানতে হবে, যেতে হলেও ১৩ দফা দাবি মানতে হবে।”

আগামীতে একই ধরনের কর্মসূচি পালনে শহীদ হওয়ার প্রস্তুতি নিতে কর্মীদের উদ্দেশে আহ্বান জানান তিনি।

শফীর লিখিত বক্তব্যে বলা হয়, “এদেশ চলবে তৌহিদী জনতা-আলেমদের কথায়, মুরতাদদের কথা নয়। আন্দোলন আরো তীব্রতর হবে।”

সরকার ‘ইসলামদ্রোহীদের’ বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে হেফজত আমির বলেন, “প্রধানমন্ত্রী নাস্তিক্যবাদীদের মদদ দিচ্ছে।”

হেফাজতের ১৩ দফার মধ্যে কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দেয়ার পাশাপাশি নারী ও শিক্ষানীতি বাতিল, নারী-পুরুষের প্রকাশ্যে বিচরণ এবং ভাস্কর্য স্থাপন বন্ধের দাবিও রয়েছে।

সকাল ১০টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে এই সমাবেশ করে হেফাজত, যেখানে নারীদের কোনো ধরনের অংশগ্রহণ ছিল না।

বরং সমাবেশ চলাকালে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় এক নারী সাংবাদিকসহ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা হেফাজত কর্মীদের হামলার শিকার হন। তাদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকও রয়েছেন। 

সমাবেশ থেকে বার বার বলা হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু ১৮ দলীয় জোটের একাধিক নেতাকে মঞ্চে উঠে বক্তব্য দিতে দেখা যায়।    

হেফাজতের এই সমাবেশে সংহতি জানিয়ে একটি প্রতিনিধি দল পাঠান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সহ-সভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও এ প্রতিনিধি দলে ছিলেন।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদসহ বেশ কয়েকজন নেতাও সমাবেশ মঞ্চে উঠে সংহতি জানান।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে সম্প্রতি দেশব্যাপী আলোচনায় আসে হেফাজতে ইসলাম নামের চট্টগ্রামভিত্তিক এ সংগঠনটি।

তাদের অন্যতম দাবি, শাহবাগ আন্দোলনের মূল সংগঠকদের গ্রেপ্তার করতে হবে এবং দেশে ‘নাস্তিকতাবিরোধী’ আইন পাস করতে হবে, যেখানে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।

এসব দাবিতে সারাদিনই স্লোগান শোনা যায় মতিঝিলে। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোনোরও চেষ্টা চলে।  

সমাবেশে ১৩ দফা ঘোষণাপত্র পড়ে শোনান ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবু নগরী বলেন, “আল্লাহর কসম- সাংগঠিকভাবে জামায়াতের সংগে আমাদের সম্পর্ক নেই। কোনো দলের সঙ্গে আমাদের সংঘর্ষ-সম্পর্ক নেই। কারো রাজনৈতিক ইস্যুও আমাদের এ কর্মসূচিতে নেই।”

তবে মতিঝিলে দায়িত্ব পালনকারী এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর বলেছেন, জামায়াত-শিবির কর্মীরাও মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।  

কেন্দ্রীয় নেতা আবদুর রব ইউসুফী সমাবেশে বলেন, “গণজাগরণ মঞ্চে জয়বাংলা শ্লোগান হয়, কিন্ত জয় বঙ্গবন্ধু বলে না তারা। এতে প্রমাণিত হয়- তারা রবিঠাকুরের সোনার বাংলা চায়।”

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মঈনূদ্দিন রুহী বলেন, “নাস্তিক মুরতাদদের কবর রচনা হবে এ মাটিতে।”

সরকার ‘দ্বিমুখী আচরণ’ করেছে অভিযোগ করে কেন্দ্রীয় নেতা মুফতি মোহামাদ ওয়াক্কাস বলেন, “সরকার নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করেছে। তাদের নিরাপত্তা দিয়েছে। এই সরকার ইসলামের পক্ষের সরকার নয়। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।”

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী দাবি করেন, সব ইসলামী দল, পীর মাশায়েখরা হেফাজতে সম্পৃক্ত হয়েছেন।

“আজ এই সমাবেশ প্রমান করেছে ওলামা একরাম কোনো অন্যায় বাধা মানে না। ওলামা একরামরা যেদিকে যাবেন তারাই সরকার গঠন করবে। তাদের বাদ দিয়ে সরকার গঠন সম্ভব হবে না।”

মাওলানা মো. তৈয়ব বলেন, “হিন্দু বৌদ্ধ, খিস্টানরাও তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। কিন্তু নাস্তিকদের কোনো অধিকার নেই।”

বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষে সমাবেশে পানি, বিস্কুট, পাউরুটি, প্যাকেট বিরিয়ানি, শশা, গাজর, কলা সরবরাহ করা হয়।

যারা পানিসহ বিভিন্ন খাবার দিয়ে সমাবেশে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানানো হয় মূল মঞ্চ থেকে।

পুরনো খবর:

হেফাজতের ১৩ দাবি
সোমবার হেফাজতের হরতাল
শাহবাগমুখী হেফাজতকর্মীদের ধাওয়া
‘নাস্তিক মন্ত্রীদের’ অপসারণ চায় হেফাজত
পুলিশ কমিশনারের দিকে বোতল, সাংবাদিকদের ধাওয়া
হেফাজতের সমাবেশে মোশাররফ-খোকা
হেফাজতের সমাবেশে জাপা নেতারা
হত্যার উদ্দেশ্যেই হামলা: শাহরিয়ার কবির