২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার উদ্দেশ্যেই হামলা: শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই সমাবেশে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 07:54 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

শনিবার সকালে রাজধানীর মহাখালী এলাকায় হেফাজতের মিছিল থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা ও ভাংচুরের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, “তারা জেনে বুঝেই এই হামলা চালিয়েছে। মতিঝিলে যাওয়ার আরো অনেক রাস্তা থাকলেও কেন মহাখালী হয়ে তাদের যেতে হবে? আমরা এখানে সকাল থেকে সমাবেশ করছি জেনেই তারা পরিকল্পিতভাবে এখান দিয়ে এসে হামলা চালিয়েছে।”

“আমাদের নেতাকর্মীরা যদি আমাকে রক্ষা না করত, তাহলে তারা আমার লাশ ফেলে দিত। মুনতাসির মামুনকেও তারা মেরে ফেলত”, বলেন শাহরিয়ার কবির, যিনি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের লংমার্চ ও মতিঝিলের সমাবেশ প্রতিহতের ঘোষণায় হরতালের মধ্যে শনিবার সকাল ৯টার দিকে মহাখালীর আমতলী ক্রসিংয়ে রাস্তার ওপর চেয়ার-টেবিল পেতে ও কার্পেট বিছিয়ে সমাবেশ শুরু করে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা-কর্মীরা।

এ সময় বনানীর দিক থেকে হেফাজত কর্মীদের একটি মিছিল মতিঝিলের দিকে যাওয়ার সময় নির্মূল কমিটির সমাবেশে হামলা চালায়।

নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসির মামুন বলেন, “আমাদের সমাবেশের পাশ দিয়ে হেফাজত কর্মীদের বড় একটি মিছিল যাচ্ছিল। আর মহাখালী রেল ক্রসিংয়ের দিকে জড়ো হয়ে ছিল বেশ কিছু লোক। মিছিলের মধ্যেই হঠাৎ আমাদের সমাবেশের ওপর ঢিল ছোড়া শুরু হয়। এরপর তারা এসে আমাদের চেয়ার-টেবিল ভাংচুর করে।”

এই হামলায় নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া হেফাজত কর্মীদের ইটের আঘাতে আহত হয়েছেন এসআই ইমদাদ হোসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহাখালীর আমতলীর বাসিন্দা আনোয়ারুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কারণ ছাড়াই ইচ্ছে করে গায়ে পড়ে তারা (হেফাজত) মঞ্চ ভাংচুর করে। এর নাম কি ইসলাম?”

তারা শুধু মঞ্চ ভাংচুর করেই ক্ষান্ত হয়নি, মঞ্চের দুটি মাইকও ভাংচুর করে নিয়ে যায় বলে জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, হেফাজতের মিছিলে অনেকের পরনে নতুন পাঞ্জাবি, জিন্স প্যান্টের সঙ্গে মাথায় টুপিও ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী তানভীর আহমদ বলেন, মিছিলটি আমতলী সিগন্যাল দিয়ে যাওয়ার সময় নির্মূল কমিটির জমায়েতে ছিল প্রায় দু’শ লোক। আর পুলিশের সংখ্যা ছিল শতাধিক।

মিছিলটি সিগন্যাল দিয়ে যাওয়ার একটু আগে মাইকে স্লোগান দেয়া হয়, ‘জয় বাংলা, রাজাকারের ফাঁসি চাই’, ‘রগকাটা লংমার্চ বন্ধ কর, বন্ধ কর’। এ সময় মিছিলকারীদের একটি অংশ পেছন থেকে ঘুরে গিয়ে মঞ্চে হামলা করে। হাতে থাকা বোতল, জুতো ও ইট নিক্ষেপ করে তারা।

শাহরিয়ার বলেন, “আমরা কি করেছি? ছেলেরা জয় বাংলা স্লোগান দেয় আর এর পরেই হামলা হয়। যাদের জয় বাংলা স্লোগান পছন্দ হয় না তারা পাকিস্তানে চলে যাক।”

ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীদের মধ্যে থেকে কেউই কোনো ধরনের পিকেটিং করেনি দাবি করে শাহরিয়ার বলেন, সমাবেশ চলার সময় সংগঠনের ব্যানার দেখেই জঙ্গি মিছিল থেকে হামলা করা হয়।

“আমাদের পক্ষ থেকে তাদের ওপর একটি ইটের টুকরাও ছোড়া হয়নি। বিএনপি-জামায়াতের মদদেই হেফাজতে ইসলামের ভাড়া করা কিছু লোক আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।”

র‌্যাব-পুলিশের উপস্থিতিতে এই হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলা শুধু আমাদের ওপরই হয়নি। হামলায় পুলিশ সদস্যও আহত হয়েছে। গোটা বাংলাদেশের নিরাপত্তা এখন বিপন্ন। সরকার জামায়াতকে নিষিদ্ধ না করলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।

সরকার কেন হেফাজতকে সমাবেশের অনুমতি দিল- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “তারা তো চট্টগ্রামে গণজাগরণের সমাবেশ ১৪৪ ধারা দিয়ে বন্ধ করে দিয়েছিল।”

“মিছিল নিয়ে এসে হামলা করে- এটা কোন ধরনের দেশে বাস করছি? দেশ তো জামায়াত-জঙ্গিদের দেশে পরিণত হয়েছে, যেখানে সরকার ও প্রশাসন অসহায়। এজন্য গোটা জাতিকেই মাশুল দিতে হবে,” বলেন নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি।

মৌলবাদীদের ‘তোয়াজ’ করে পৃথিবীতে কোনো প্রগতিশীল শক্তি টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

হামলার পরেও শাহরিয়ার কবির ও মুনতাসির মামুনের নেতৃত্বে ঘাতক দালার নির্মূল কমিটির সদস্যরা সমাবেশেস্থলে অবস্থান নেন।

কিন্তু হেফাজতের খণ্ড খণ্ড মিছিল মহাখালী দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপার একটি দোকানে অবস্থান নেন শাহরিয়ার কবির। সংগঠনের সদস্যরা তাকে ঘিরে রাখেন। এ সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। সেখানেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন শাহরিয়ার কবির।

হামলার পরপরই বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে বেলা ১২টায় ফের সমাবেশ শুরু হয়। কয়েক জন নেতাকর্মী বক্তব্য রাখার পর বেশ কিছুক্ষণ চলে গণসঙ্গীত।

বনানী থানার এস আই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ শুরুর পর সেখান থেকে স্লোগান দেয়া হচ্ছিল। এ সময় পাশ দিয়ে যাওয়া হেফাজতের মিছিল থেকে হঠাৎ হামলা হয়।”

গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে লংমার্চ করে ঢাকায় এসে মতিঝিলে সমাবেশ করছে হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও হেফজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। 

অন্যদিকে হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্য ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল করছে সারা দেশে। একই সময় থেকে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।