‘নাস্তিক মন্ত্রীদের’ অপসারণ চায় হেফাজত
সরকারের মন্ত্রিসভা থেকে ‘নাস্তিকদের’ বের করে দেয়ার আহ্বান জানানো হয়েছে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে।
এছাড়া নাস্তিকতার অভিযোগে শাহরিয়ার কবির, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ইমরান এইচ সরকারসহ আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।
‘নাস্তিকদের’ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সমাবেশ থেকে হুমকি দেন তারা।
সমাবেশের প্রায় সব বক্তাই কথিত নাস্তিকদের বিচার চেয়ে বক্তব্য দিচ্ছেন।
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বলেন, “আমরা শেখ হাসিনাকে বলছি, নাস্তিক মেনন, ইনু ও একে খন্দকারকে নৌকা থেকে নামিয়ে দেন। না হলে আপনার নৌকা পানিতে তলিয়ে যাবে।”
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মতিঝিলে এসে জড়ো হন হেফাজতকর্মীরা। সকাল ১০টায় মঞ্চে বক্তব্য শুরু হয়।
হেফাজত নেতা জুবায়ের আহমেদ বলেন, “এই সরকার শুরু থেকেই মুসলমানদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে মুক্ত করে নিয়ে আসা হবে।”
আহমেদ সাইফুল্লাহ বলেন, “নাস্তিকদের পক্ষ নিয়ে যারা সংসদে বক্তব্য রেখেছেন তাদের ক্ষমা চাইতে হবে।”
হেফাজতের আরেক নেতা নুরুল ইসলাম ওলিপুরি বলেন, “নাস্তিকদের যতদিন পর্যন্ত ফাঁসিকাষ্ঠে ঝোলানো না হবে- ততোদিন আন্দোলন চলবে।”
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের গ্রেপ্তার দাবি করেন হেফাজত নেতা জোবায়ের আল হাবীব।
১২টা ৫৫ মিনিটে মাওলানা সেলিম উল্লাহ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্লোগান দেন। এ সময় সমাবেশে উপস্থিতরা জুতা তুলে ধরেন। এক পর্যায়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছবিতেও আগুন দেন কয়েকজন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
সমাবেশ চলাচালে প্রখর রোদে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হেফাজতের নেতারা বসেন প্রায় ৩০ স্কয়ার ফুটের একটি মঞ্চে, সেখানে শামিয়ানা টাঙানো হয়, ঝোলানো হয় ১০টি ফ্যান।
মঞ্চে কারুকাজ করা একটি চেয়ারে বসে ফল খেতে দেখা গেছে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবু নগরীকে।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে এই সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, যাদের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও হেফজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
অন্যদিকে হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্য ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল করছে সারা দেশে। একই সময় থেকে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
