২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধই একমাত্র সমাধান: ইমরান

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রক্রিয়া বানচালের জন্য হেফাজতে ইসলাম মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মামুনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 08:02 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

তিনি বলেন, সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কোনো বিকল্প নেই।

শনিবার বেলা সোয়া ১২টায় জাগরণ মঞ্চের পাশে ইমরান সাংবাদিকদের বলেন, “মহাখালীসহ বেশ কয়েকটা জায়গায় তারা (হেফাজতে ইসলাম) হামলার চেষ্টা করেছে, একটা সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। চট্টগ্রামেও তারা তলোয়ার নিয়ে অপেক্ষা করছে। বিভিন্ন সহিংস এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে।”

“এভাবে সহিংস পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যুদ্ধাপরাধের চলমান বিচার প্রক্রিয়া এবং জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া বানচাল করে দেয়াই হেফাজতে ইসলামের মূল উদ্দেশ্য।”

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হেফাজতে ইসলাম চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে অবরোধ শেষে বিকেল ৪টায় শাহবাগের এই গণজাগরণ মঞ্চে সমাবেশ কর্মসূচি রয়েছে।

ইমরান বলেন, “তারা (হেফাজতে ইসলাম) যেকোনো ভাবেই হোক যেকোনো মূল্যেই হোক একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে সেখান থেকে ফায়দা নিতে চাচ্ছে। আমার মনে হয় খুব কঠোর হস্তে এটা দমন করতে হবে। যেকোনো মূল্যেই হোক এদেরকে প্রতিহত করতে হবে।”

সব সমস্যার সমাধানে জামায়াত শিবির নিষেদ্ধের কোনো বিকল্প নেই এমন মন্তব্য করেন তিনি বলেন, “আর নাহলে আমাদের বারবারই একই পরিস্থিতি ফেইস করতে হবে।”

এছাড়া জাগরণ মঞ্চ থেকে ঘোষিত অবরোধ কর্মসূচি সফলতার সঙ্গে পালিত হচ্ছে বলে দাবি করেন ইমরান।

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, “দেশের বিভিন্ন স্থানের মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে নিজেরাই স্বতস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছেন।” 

এদিকে বিকাল ৪টায় গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত সমাবেশে যোগ দেয়ার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নানা শ্রেণি-পেশার মানুষ সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

পুরনো খবর:

জাগরণের মঞ্চে প্রতিরোধের স্লোগান
ঢাকার প্রবেশপথে জাগ্রত তারুণ্য