ঢাকার প্রবেশপথে জাগ্রত তারুণ্য
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চকে প্রতিরোধ করতে রাজধানীতে ঢোকার পথগুলো অবরোধ করে রেখেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সদরঘাট লঞ্চ টার্মিনাল, যাত্রাবাড়ী চৌরাস্তা, টঙ্গী চৌরাস্তা, আশুলিয়া এবং কমলাপুর রেল স্টেশনে পাঁচ মঞ্চ হয়েছে। একইসঙ্গে শাহবাগের প্রজন্ম চত্ত্বরেও অবস্থান চলবে।”
তবে অ্যাম্বুলেন্স ও বিদেশি নাগরিকদের বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে চট্টগ্রাম থেকে শুক্রবার লংমার্চ শুরু করে শনিবার মতিঝিলে সমাবেশের কর্মসূচি রয়েছে হেফাজতের।
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধের ঘোষণা দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি দিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা।
‘জামায়াতঘনিষ্ঠ’ হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো।
রাত ৮ টা থেকে ঢাকার কমলাপুর, যাত্রাবাড়ি, সদরঘাট, উত্তরা, গাবতলী এবং জাহাঙ্গীরনহর বিশ্ববিদ্যালয়ের গেইটে অবস্থান নেয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক ছাত্রসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক হাসান তারেক এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কয়েকটি টিমে ভাগ হয়ে সাড়ে সাতটার মধ্যেই বেরিয়ে পড়ব। রাত ৮ টা থেকে পরের দিন রাত পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”
তারেক জানান, যেহেতু শুরু থেকেই বামধারার ছাত্রসংগঠনগুলো গণজাগরণমঞ্চের সাথে কাজ করছে তাই আলাদা করে প্রগতিশীল ছাত্রজোট (বাম ছাত্রসংগঠনগুলোর ঐক্যমঞ্চ) জোটগত কিংবা এককভাবে কোন কর্মসূচি রাখেনি। গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসেবেই তারা ঢাকার এই প্রবেশ পথগুলোতে অবস্থান নিচ্ছেন।
এদিকে অবরোধ কর্মসূচি শেষে শনিবার বিকালে গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে আহ্বান জানান ইমরান।
তিনি বলেন, “গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ। মুক্তিযুদ্ধের সময় ধর্মের কোন বিরোধ ছিল না। গণজাগরণ মঞ্চের সঙ্গেও কোনো ধর্মের সঙ্গে বিরোধ নেই। আপনাদের সকলের কাছে আজ উদাত্ত আহ্বান জানাই, আজকের অবরোধ ও আগামী কালের জনসভা সফল করার জন্য স্ব স্ব উদ্যোগে কর্মতৎপর হোন।”
রাত সাড়ে ৮টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের একদল প্রতিনিধি সদরঘাট লঞ্চ টার্মিনালে যান। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হেফাজত সমর্থকদের ঘাট থেকেই ফিরিয়ে দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক জানান, মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ প্রতিনিধিরা সদরঘাট ছাড়াও আব্দুল্লাহপুরে অবরোধস্থলে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবরোধ সফল করার আহ্বান জানানো হয়।
লংমার্চ এবং হরতাল-অবরোধের ঘোষণার মধ্যে সহিংসতার আশঙ্কায় রাজধানীর সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল এক প্রকার বন্ধ রয়েছে সকাল থেকেই। ঢাকার বাইরে থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।
হরতালের সমর্থনে বিকাল ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নগরীর সিটি গেইটে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ঘাতক দালাল নির্মূল কমিটি।
