জাগরণের মঞ্চে প্রতিরোধের স্লোগান
হেফাজতে ইসলামের কর্মসূচি প্রতিরোধে ডাকা হরতালে শাহবাগের গণজাগরণ মঞ্চে চলছে বিভিন্ন ধরনের স্লোগান।
শনিবার পূর্ণ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের জাগরণের দুই মাস। সেখানে নির্ঘুম রাত কাটানোর পর সকালের দিকে লোকসমাগম খানিকটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জড়ো হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা থাকলেও আধঘণ্টা পর তা বের হয়।
শাহবাগে ৫ ফেব্রুয়ারি ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের শুরু করা এই আন্দোলন রূপ নেয় গণআন্দোলনে। হেফাজতে ইসলামকে প্রতিরোধে শনিবার রাতে শাহবাগে ফিরে আসেন তাদের অনেকেই।
মিছিল-সমাবেশ ও রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার রাজধানীতে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে এই হরতাল ও অবরোধ চলছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে ২৪ ঘণ্টা। বিকাল ৪টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে হবে সমাবেশ।
