২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো স্লোগানে মুখরিত রাতের শাহবাগ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের জাগরণের দুই মাস পূর্তির ক্ষণে আবারও শ্লোগানে স্লোগানে নির্ঘুম রাত কাটিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 07:37 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

তবে পাল্টেছে শ্লোগানের ভাষা, যেখানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পাশাপাশি প্রতিহতের ডাক দেয়া হচ্ছে হেফাজতে ইসলামকে। ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে সংগঠনটি ঢাকামুখী লংমার্চ করে শনিবার সমাবেশ করার কর্মসূচি দিয়েছে।

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে ঢাকার বিভিন্ন প্রবেশমুখের মতো শাহবাগেও অবস্থান করে গণজাগরণ মঞ্চ।

ক্ষণে ক্ষণে স্লোগান ওঠে- হেফাজতে ইসলাম, মেড ইন পাকিস্তান/জামায়াতের অপর নাম, হেফাজতে ইসলাম/পক্ষ নিলে রক্ষা নাই, রাজাকারের ফাঁসি চাই/হেফাজতের রক্ষা নাই, হেফাজতের ঠাই নাই/বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠো আরেকবার; হেফাজতের বিরুদ্ধে, গর্জে উঠুক আরেকবার/হেফাজত যেখানে, লড়াই হবে সেখানে।

শাহবাগে ৫ ফেব্রুয়ারি ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের শুরু করা এই আন্দোলন রূপ নেয় গণআন্দোলনে। এরপর যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন নির্ঘুম রাত কাটিয়েছে আন্দোলনকারীরা। হেফাজতে ইসলামকে ঠেকাতে আবারও রাতে শাহবাগে ফিরে আসেন তাদের অনেকেই।

শুক্রবার সন্ধ্যায় হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয় গণজাগরণ মঞ্চ থেকে। রাত সাড়ে ১২টার দিকেও শতশত মশাল নিয়ে শাহবাগের চারপাশে মিছিল করেন আন্দোলনকারীরা।

বিকাল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৬টায় গণজাগরণ মঞ্চের বর্তমান মঞ্চ থেকে সরে এসে ছাত্র জনতা অবরোধ করে শাহবাগ মোড়।

অবরোধ শুরুর পরপর সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সদরঘাট লঞ্চ টার্মিনাল, যাত্রাবাড়ী চৌরাস্তা, টঙ্গী চৌরাস্তা, আশুলিয়া এবং কমলাপুর রেল স্টেশনে এই পাঁচ মঞ্চ হয়েছে। একইসঙ্গে শাহবাগের প্রজন্ম চত্ত্বরেও অবস্থান চলবে।”

একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কাদের মোল্লাকে যাবজ্জীবন দেয়ার পর সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গড়ে উঠে গণজাগরণ মঞ্চের আন্দোলন। যা পরে প্রজন্ম চত্ত্বর হিসাবেও পরিচিতি পায়। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শাহবাগের ওই আন্দোলন চলে।

২৬ মার্চের মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইনগত প্রক্রিয়া শুরুর দাবিসহ ৬ দফা দাবি দিয়ে ওইদিন ধারাবাহিক কর্মসূচির আপাত সমাপ্তি হয়। তবে এর মধ্যে চলে গণস্বাক্ষর সংগ্রহসহ বেশ কিছু কর্মসূচি।

এর মধ্যে শাহবাগের আন্দোলনকে ‘নাস্তিকদের আন্দোলন’ হিসাবে আখ্যা দিয়ে মাঠে আসে চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন। ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে চট্টগ্রাম থেকে শুক্রবার লংমার্চ শুরু করে শনিবার মতিঝিলে সমাবেশের কর্মসূচি দেয় সংগঠনটি।

‘জামায়াতঘনিষ্ঠ’ হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে ২৪ ঘণ্টা। আর হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে অবরোধ শেষ হবে শনিবার বিকাল ৪টায় শাহবাগের মহাসমাবেশের ঠিক আগ মুহূর্তে।

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধের ঘোষণা দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি দেয় শাহবাগের আন্দোলনকারীরা।