২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ৩ জেলায় জামায়াতের হরতাল, বিএনপির সমর্থন

স্থানীয় জামায়াত নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাজশাহী বিভাগের তিন জেলায় হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 04:17 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

তাদের প্রধান শরিক বিএনপির মহানগর শাখার পক্ষ থেকে এই হরতালে সমর্থন জানানো হয়েছে।

তবে এইচএসসি ও আলীম পরীক্ষা এই হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার গণমাধ্যমের কাছে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও শিবিরের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমসহ জামায়াত-শিবিরের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে   রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

শুক্রবার নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে  গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতালে সমর্থন জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।