২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হরতালের সমর্থনে অবরোধ

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ২৫টি সংগঠনের ডাকা হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করেছে প্রজন্ম সুনামগঞ্জের কর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

পরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মল্লিকপুরে গিয়ে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

সুনামগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের সমর্থনে সড়ক অবরোধের ফলে রাস্তার দুইপাশে অনেক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার লংমার্চ নিয়ে ঢাকায় আসার কথা হেফাজতে ইসলামের। শনিবার রাজধানীতে তাদের সমাবেশ করার কথা।

এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলোও।