২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকে পায়ে হেঁটে ঢাকা যাওয়ার ঘোষণা

পরিবহন না পাওয়ায় পায়ে হেঁটেই সিলেট থেকে ঢাকায় হেফজতে ইসলামীর সমাবেশে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 08:11 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বিকেল ৩টায় নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে লংমার্চ শুরু হবে বলে জানান সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লংমার্চ করে এসে শনিবার রাজধানীর মতিঝিলে সমাবেশ করার কথা রয়েছে হেফাজতে ইসলামীর।

কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।

লংমার্চে লোকজন যেন অংশ নিতে না পারেন সেজন্য সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে অভিযোগ করেন আবদুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, “গাড়ি বন্ধ করে দিয়ে লংমার্চ বানচাল করা যাবে না। যেখানে বাধা আসবে সেখানেই অবস্থান নিয়ে নেতাকর্মীরা লংমার্চের প্রতি সংহতি প্রকাশ করবেন।”

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী বলেন, লংমার্চে যাওয়ার জন্য টিকেট বুকিং দিয়ে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার গাড়ির মালিকরা বুকিংমানি ফিরিয়ে দিয়েছে।

অবশ্য পরিবহন মালিকরা বলছেন, শুক্রবার সন্ধ্যা থেকে হরতাল ও অবরোধের ঘোষণা থাকায় তারা গাড়ি বের করছেন না।