সংখ্যালঘু নির্যাতন বন্ধের পদক্ষেপ নিতে রুল
হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনায় সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা হিসাবে গণ্য করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
নাগরিকের অধিকার রক্ষা করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ অনুসারে বিবাদীদের কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এর জবাব দিতে হবে।
আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধি মঞ্চ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জিয়াউদ্দিন তারিক আলী এই রিট আবেদন দায়ের করেন।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান রহমান।
ড. কামাল হোসেন শুনানিতে বলেন, “২৮ ফেব্রয়ারি ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়। এ পর্যন্ত শতাধিক ঘটনা ঘটেছে। কোনো প্রতিকার নেই। আমরা তাই আদালতের হস্তক্ষেপ চাইছি।”
