২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার আসিফও রিমান্ডে

ব্লগার আসিফ মহীউদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদলতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম।

অন্যদিকে আসিফের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী আলাউদ্দিন মোল্লা।

শুনানি শেষে মহানগর হাকিম আনোয়ার সাদাত জামিন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।      

এর আগে হেফাজত ইসলামী নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষাপটে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ নামের তিন ব্লগারকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এই তিনজনকে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই বুধবার সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়া হয় আসিফকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম পরে জানান, আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে শাহবাগে গত ৫ ফেব্রুয়ারি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিবাদই দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করে এবং পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন।

শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলামের নামে মাঠে নামে কয়েকটি ইসলামী দল, যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ এনে তাদের শাস্তি দাবি করে।

গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয়াসহ যে ১০ জন ‘নাস্তিক’ ব্লগারের ফাঁসির দাবি তোলে হেফাজতে ইসলাম, তাদের তালিকায় আসিফের নাম প্রথমদিকেই ছিল।

ব্লগে লেখালেখিকে কেন্দ্র করে ২০১১ সালের ১ অক্টোবর আসিফকে ১৮ ঘণ্টা আটকে রেখেছিল গোয়েন্দা পুলিশ। পরে ‘লেখালেখি বন্ধ করার পরামর্শ দিয়ে’ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ব্লগে লেখালেখির জন্য হামলার মুখেও পড়তে হয়েছিল আসিফকে। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়।

ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০০০ সালে এসএসসি পাস করার পর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন আসিফ। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় এইউআইবি-তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেন তিনি।

সাম্প্রতিক হত্যাচেষ্টার আগ পর্যন্ত একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।

আসিফকে হত্যাচেষ্টার মামলায় গত ১ এপ্রিল চার যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । লেখালেখির কারণে ধর্মান্ধ ও উগ্রপন্থী একজনের নির্দেশনায় আসিফের ওপর হামলার কথা স্বীকার করেছেন ওই চারজন।  

গণজাগরণ মঞ্চের আন্দোলনবিরোধী ইসলামী কয়েকটি দল দাবি তোলার পর ফেইসবুক ও ব্লগে  লেখালেখি পর্যবেক্ষণে একটি কমিটি করেছে সরকার।

সরকারের দুই মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও শফিক আহমেদ বলেছেন, ইন্টারনেটে লেখায় কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

পুরনো খবর:

‘ব্ল্যাকআউটে’ ১১ ব্লগ