২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার পথে খালেদা জিয়া

সহিংসতায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে সাতক্ষীরা যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদ জিয়া।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:42 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিরোধী দলীয় নেতা বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ এ যশোর সার্কিট হাউজ থেকে কলারোয়ার উদ্দেশ্যে রওনা হন।

গত ২৮ ফেব্রুয়ারি পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষে সাতক্ষীরা ও কলারোয়ায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে খালেদা জিয়া সাতক্ষীরা যাচ্ছেন বলে জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। সংঘর্ষে দেশজুড়ে নিহত হয় ৭০ জনের বেশি।

বিএনপি চেয়ারপার্সন বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার কলারোয়া সদর উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

রাতেই খালেদা জিয়ার সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জানান।

ঢাকা থেকে রওনা দেয়ার পর বুধবার রাতে ঢাকা থেকে যশোর সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া।

সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সম্প্রতি মানিকগঞ্জের শিংগাইর, বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর,  জয়পুরহাটের পাঁচবিবিতেও যান বিএনপি প্রধান। ওইসব এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন তিনি।

পুরনো খবর:

খালেদা যশোর পৌঁছেছেন