খালেদা যশোর পৌঁছেছেন
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বুধবার রাতে যশোর পৌঁছেছেন।
রাত ১০ টার দিকে খালেদা সার্কিট হাউজে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলার নেতারা।
বৃহস্পতিবার সকালে খালেদা জিয়া যশোর থেকে সাতক্ষীরা যাবেন। গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতেই তার এই সফর।
এর আগে বিকাল ৪টায় খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসা থেকে যশোর রওনা হয়। পথে আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, নবীনগর, ধামরাই, মানিকগঞ্জ, পাটুরিয়া, রাজবাড়ী, ফরিদপুর. মাগুরাসহ বিভিন্ন্ স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদের তাকে অভিনন্দন জানায়।
খালেদা জিয়া পাজারো জীপ থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের অভিনন্দনের জবাব দেন।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ বৃহস্পতিবার সকালে বিরোধী দলীয় নেতা সাতক্ষীরার কলারোয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর তিনি যাবেন সাতক্ষীরা।’’
বিরোধী দলের নেতার কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। বিকালে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন।
প্রেস সচিব আরো জানান, বৃহস্পতিবার রাতেই সাতক্ষীরা থেকে ঢাকা ফিরবেন বিরোধী দলীয় নেতা।
পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সম্প্রতি খালেদা মানিকগঞ্জের শিংগাইর, বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর, জয়পুরহাটের পাঁচবিবি যান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতাও দেন।
