জামায়াত নেতা ডা. ফরিদের স্বীকারোক্তি
বিস্ফোরক দ্রব্য আইনে কলাবাগান থানায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জামায়াতের রোকন ডা. ফরিদ আহমেদ ও শিবির কর্মী ফরিদ উদ্দিন মাসুদ।
বুধবার ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ এই দুই জনের জবানবন্দি রেকর্ড করেন।
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ, হরকাতুল মুজাহিদিনসহ যেসব জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড স্থবির পড়েছিলো তাদের সঙ্গে তারা আবার যোগাযোগের চেষ্টা করছিলেন বলে ডা. ফরিদ আহমেদ বিচারকের কাছে স্বীকার করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মালেক মিয়া এই দুই জনকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন জানান।
গত শুক্রবার সন্ধ্যায় কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে ডা. ফরিদ, আফগান ফেরত ফরিদ উদ্দিন মাসুদ, শিবিরের সাবেক নেতা মিজানুর রহমান এবং মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন চার পাকিস্তানি নাগরিকসহ আরো ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের কাছে পাওয়া যায় নগদ প্রায় এক লাখ টাকা, ৮টি হাত বোমা, ১২টি বিভিন্ন ধরনের বই, বৈদ্যুতিক তার, তাতালসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম।
এ ঘটনায় দায়ের করা মামলায় ওই ১৬ জনকে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দেয় আদালত।
বুধবার তিন দিনের রিমান্ড শেষে ছয় আসামিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
এরা হলেন ডা. ফরিদ আহমেদ, ফরিদ উদ্দিন মাসুদ, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, সাইদুর রহমান সজল ও আব্দুল জলিল আহম্মেদ।
ডা. ফরিদ আহমেদ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। সিলেট মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ফরিদ মাদারীপুরে বার বছর ধরে জেলা জামায়াতের আমির ছিলেন।
