২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পাকিস্তানিসহ ১৬ জন রিমান্ডে

রাজধানীতে বিপুল পরিমাণ জালমুদ্রাসহ গ্রেপ্তার চার পাকিস্তানি নাগরিক ও জামায়াতের এক নেতাসহ ১৬ জনকে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 04:46 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ঢাকা মহাগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান জানান, ঢাকার মহানগর হাকিম জয়নাব বেগম শনিবার বংশাল থানার একটি মামলায় পাকিস্তানি চার নাগরিক সাঈদ উদ্দিন, মোহাম্মদ ফারহান, রুবিনা বেগম ও নার্গিস আক্তারকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

এই চার জনকে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিল পুলিশ।

এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে কলাবাগান থানায় দায়ের করা মামলায় জামায়াতের রোকন ডা. ফরিদ আহমেদসহ ছয় জনকে তিন দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন বিচারক। ফরিদ ছাড়া অপর আসামিরা হলেন ফরিদ উদ্দিন মাসুদ, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, সাইদুর রহমান সজল ও আব্দুল জলিল আহম্মেদ।

খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় জামায়াত কর্মী মোস্তফা, মামনুর রশীদ ও আবুল বাশার ও রেজাউলকে চার দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন বিচারক। একই মামলায় ডলি আক্তার ও রুকসানাকে দুই দিন রিমান্ডে দেয়া হয়।

শুক্রবার দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর কাঁঠালবাগান ও নিকুঞ্জ এলাকা থেকে জামায়াত নেতা ও চার পাকিস্তানিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে আটটি হাতবোমা এবং প্রায় সোয়া কোটি ভারতীয় রুপির জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই একটি চক্র। জাল টাকা-রুপির ব্যবসার পাশাপাশি সদস্য সংগ্রহের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালিয়ে দীর্ঘ মেয়াদি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য ছিল।

জামায়াত নেতা ডা. ফরিদ উদ্দিন আহাম্মদকে (৫৫) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন সম্প্রতি জামায়াতে ইসলামী ছেড়ে আল্লার দল, হরকাতুল জেহাদ এবং হরকাতুল মোজাহিদিন নামের সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।

শুক্রবার সন্ধ্যায় কাঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে ডা. ফরিদ, আফগান ফেরত ফরিদ উদ্দিন মাসুদ, শিবিরের সাবেক নেতা মিজানুর রহমান এবং মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছে পাওয়া যায় নগদ প্রায় এক লাখ টাকা, ৮টি হাত বোমা, ১২টি বিভিন্ন ধরনের বই, বৈদ্যুতিক তার, তাতালসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম।

ফরিদের দেয়া তথ্যের ভিত্তিতে খালিদ ওরফে মান্নান এবং সজল নামে অপর একজনকে গোয়েন্দা পুলিশের একই দল পল্টন এলাকা থেকে শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপরই খালিদ অস্ত্রে কেনার ব্যাপারে টাকা নেওয়া এবং জাল রুপির ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেন।

মনিরুল ইসলাম জানান, খলিদের তথ্যের ভিত্তিতে নীকুঞ্জ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে জাল রুপি ব্যবসায়ী মো. মোস্তফা, মামুনুর রশিদ তার স্ত্রী ডলি আক্তার, আবুল বাশার, রেজাউল করিম এবং রোকসানা বেগমসহ ৬জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের কাছে পাওয়া যায় ৬৬ লাখ ভারতীয় জাল রুপি। 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জানান, নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মামুন এবং মোস্তফাকে জিজ্ঞাসবাদ করা হলে তারা জানায় বংশালের একটি হোটেলে কয়েকজন পাকিস্তানি নাগরিক আছে যারা তাদের জাল রুপি আনা নেয়ার ব্যাপারে সাহায্য করে।

গোয়েন্দা দল এই তথ্য নিয়ে শুক্রবার মধ্যরাতে বংশালের বায়তুস সামীর আবাসিক হোটেলে অভিযান চালায়। পরে সেখান থেকে পাকিস্তানি নাগরিক সায়িদ উদ্দিন, মো. ফারহান, রুবিনা বেগম এবং নারগিস আক্তার নামের চারজনকে গ্রেপ্তার করে।

তাদের কাছে পাওয়া যায় ৪ হাজার নগদ পাকিস্তানি রুপি, ৪শ’ মার্কিন ডলার, ৬৩ লাখ ভারতীয় জাল রুপি।

পুরনো খবর:

চার পাকিস্তানি ও জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৬