সিলেটে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের আবদুল হান্নানের ছেলে হুমায়ূন রশীদ লাভলু।
সিলেট শহরতলীর মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা লাভলু নিজেকে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেন।
মামলায় আমার দেশের প্রকাশক হাসমত আলী, সম্পাদক মাহমুদুর রহমান, প্রতিবেদক কাদের গণি চৌধুরী ও এনজিও কর্মকর্তা সিলেট শহরতলীর আখালিয়া নেহারীপাড়া এলাকার জামিল চৌধুরীকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিলেট কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ আমার দেশ পত্রিকায় ‘এতিম স্কুলের বরাদ্দ থেকে তিন কোটি টাকা ঘুষ দাবি সুরঞ্জিতের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদ উদ্দেশ্য প্রণোদিত ছিল, যা রাজনৈতিক ও সামাজিকভাবে সুরঞ্জিত সেনগুপ্তের সম্মানহানি করেছে।
