২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

মহাসড়কে ডাকাতি-ছিনতাই-চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম বিভাগে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিকেরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 08:42 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

Image
Hundreds of trucks stranded at Benapole

Hundreds of trucks stranded at Benapole

বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম নেতৃবৃন্দ।

মহাসড়কে সন্ত্রাস-চাঁদাবাজি এবং পণ্য পরিবহন শ্রমিক-মালিকদের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবি তুলে ধরেন ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে ফোরামের সদস্য সচিব কাজী মোতাহার হোসেন বলেন, আমরা ছিনতাই, মালামাল লুট, শ্রমিক হত্যাসহ নানা সমস্যায় জর্জরিত।

তিনি বলেন, সরকারের দূরদর্শিতার অভাবে দেশের বিভিন্ন মহাসড়কে ওজন মাপার যন্ত্রের ইজারাদাররা অবৈধভাবে ট্রাক লরিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহনে সহযোগিতা করে আসছে। এতে করে মহাসড়কের কালভার্ট-ব্রিজগুলো ক্ষতি হচ্ছে।

তিনি মালিক-শ্রমিক-সরকারের সমন্বয়ে দেশের বিভিন্ন মহাসড়কে ওজন মাপার যন্ত্রগুলো পরিচালনার দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের পক্ষ থেকে দেয়া উল্লেখযোগ্য দাবিগুলো হল, গার্মেন্টস শিল্পের রপ্তানিযোগ্য মালামাল পরিবহনে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া, সড়কে ডাকাতি-ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া, সড়কে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের চাঁদাবাজি বন্ধ করা, রুট পারমিটের জন্য সরকারি রাজস্বের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, চট্টগ্রাম কক্সবাজারে পণ্যবাহী গাড়ির জন্য টার্মিনাল নির্মাণ।

অবিলম্বে এসব দাবি মেনে নেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবার ঘোষণাও দেয় ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ফোরামের আহবায়ক এস এম হাবিবুল হক, যুগ্ম আহবায়ক জহুর আহমদ, আবুল বাশার, শফিকুর রহমান, কোষাধ্যক্ষ দীন মোহাম্মদসহ চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ