এবার পুলিশকে ইট দিয়ে পেটালো চিরিরবন্দরে
রাজশাহীর পর এবার দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াত-শিবির সমর্থকরা ইট ও লাঠির আঘাতে গুরুতর আহত করেছে এক পুলিশ কর্মকর্তাকে।
এছাড়া এ সময় দুপক্ষের সংঘর্ষে আরো অন্তত চারজন আহত হন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাজির মোড়ে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত উপ-পরিদর্শক সবুরকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার আরো অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক দোকানদার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীর মোড়ে জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধ করে।
উপ-পরিদর্শক সবুর ও কনস্টেবল শাহাদৎ মোটরসাইকেলযোগে সেখানে গেলে অবরোধকারীরা পিছনে বসা সবুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
আকষ্মিক আক্রমণে ভীত শাহাদৎ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও এসআই সবুরকে আটক করে পিকেটাররা।
তারা ইট ও লাঠি দিয়ে সবুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৯ রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।
এদিকে জেলায় হরতালে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে ছোট যান চলাচল করেছে। এছাড়া হিলি বন্দরেও পণ্য ওঠা নামা অব্যাহত থাকে।
আতংকিত বৃদ্ধের মৃত্যু
এদিকে ওই স্থানে পুলিশের অভিযানের সময় আতংকিত হয়ে দৌড়ে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজিম উদ্দিন (৬০) নামে এক সাইকেল মেকারের মৃত্যু হয়েছে।
তার ছেলে স্থানীয় দোকানি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলামও ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।
