২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভাংচুর, সংঘর্ষ

হরতালের সকালে নায়ারণগঞ্জে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর এবং পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 04:15 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

টায়ার জ্বালিয়ে আগুন দেয়া হয়েছে রেললাইনেও। তবে তাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নাশকতা এড়াতে আগের রাতে ফতুল্লা থানা থেকে আটক করা হয়েছে ১১ জনকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের গলাচিপা এলাকায়  মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এ সময় সংঘর্ষে অন্তত ২০ কর্মী আহত হয় বলে দাবি করেন বিএনপি নেতা মাকসুদুল আলম।

সকালে প্রায় একই সময়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে তা নিভিয়ে ফেলে।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে শহরের হাজীগঞ্জ এলাকায়  মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এসময় তারা চারটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

এদিকে, সকাল ৭টার দিকে সোনারগাঁওয়ের পেরাবো এলাকায় বিএনপি কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে প্রায় আধা ঘণ্টা বাইপাস সড়ক এশিয়ান হাইওয়ে অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এদিকে,হরতালে নাশকতা এড়াতে আগের রাতে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।