২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে ২ গাড়িতে আগুন

ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীতে একটি বাস ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 03:32 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

এছাড়া মহাখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা এবং বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আসাদগেইট এলাকায় একটি অটোরিকশায় আগুন দেয় হরতালকারীরা। পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

সকাল পৌনে ৯টার দিকে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় ছাত্রদল কর্মীরা। পরে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।

সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “কাউকে গ্রেপ্তার করা যায়নি। আমরা খতিয়ে দেখছি।”

এছাড়া হরতালের প্রথম চার ঘণ্টায় পুরান ঢাকার ধলপুর ও পোস্তগোলায় হরতালের সমর্থনে মিছিল থেকে  ককটেল ফাটানো হয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান, কাজলা মাছবাজার, কুতুবখালী ও আইডিয়াল স্কুলের সামনেও সকালে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ শাহীন নামে একজনকে আটক করে।

সকালে মিছিলের খবর পাওয়া গেছে খিলগাঁও, গুলশান লিংক রোড, তেজগাঁও ও মিরপুর এলাকাতেও।

গত রোববার ইসলামী ছাত্র শিবির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকে।

ওইদিনই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলের বৈঠকের পর হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সাংবাদিকদের বলেন, “চাঁপাই নবাবগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি, খুলনার ডুমুরিয়া ও তেরোখাদায় সর্বমোট ১৩ জন মানুষকে হত্যাসহ মার্চে সারাদেশে গণহত্যার প্রতিবাদে, আটক নেতাদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত হয়েছে।”

অন্যান্য হরতালের মতো মঙ্গলবারও সকাল থেকে রাজধানীর রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় কিছুটা বেশি। 

সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি।

নাশকতার কারণে কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য রুটের ট্রেন সকালে যথারীতি ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান। 

সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তার মধ্যে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোরে কার্যালয়ে প্রবেশ করলেও পরে আর সাংবাদিকদের সামনে আসেননি।

তবে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সকালে কার্যালয়ের প্রধান ফটকে এসে বলেন, সরকারের এজেন্টরাই সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে শেষে গাড়িতে আগুন দেয়।

গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে আটক দেড় শতাধিক নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।’’

এই কার্যালয়ের সামনেই গত ১১ মার্চ বিকালে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দশটি হাতবোমা।

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ এবং ২৭ ও ২৮ মার্চ দুই দফায় ৭২ ঘণ্টা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।