২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: প্রথম দিনই অনুপস্থিত ৯ হাজারের বেশি  

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বিভিন্ন বোর্ডে ৯ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

আর নকলের দায়ে বহিষ্কৃত হয় ৩৩ শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে এক হাজার ৬২৩ জন, কুমিল্লায় ৮৪১ জন, যশোরে ৮৪৬ জন, রাজশাহীতে এক হাজার ১১৬ জন, চট্টগ্রামে ৬৯৭ জন, সিলেটে ৩৭৩ জন, বরিশালে ৩১৪ জন এবং দিনাজপুর বোর্ডে ৬৬৩ জন রয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক হাজার ৫০৪ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ৩২০ পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষায় নকল করার দায়ে কুমিল্লা বোর্ডে দুই জন এবং সিলেট ও দিনাজপুর বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া মাদ্রাসা বোর্ডে নয় জন এবং কারিগরি বোর্ডে ২০ পরীক্ষার্থী বাহিষ্কার হয়।

দেশের দুই হাজার ২৮৮ টি কেন্দ্রে সোমবার একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী।

প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আর আলিমে বাংলা আবশ্যিক, এইচএসসি ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল/সাধারণ), ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুর হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।

শিক্ষামন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯২টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু এইচএসসির পরীক্ষার্থী ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন। এছাড়া আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬০৫ জন।

এবার বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এ বছর বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।

গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “আশা করছি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। তবে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় নকল করে পাস করার সুযোগ নেই।”

আগামী ২৮ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১ থেকে ১৪ জুন ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী পরীক্ষার মধ্যে হরতাল না দিতে বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের প্রতি আবোরো আহ্বান জানিয়েছেন।

পুরনো খবর:

মেডিকেলে ভর্তি পরীক্ষার পক্ষে অধ্যক্ষরা