২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে দুই বেঞ্চ

নতুন চার বিচারপতি নিয়োগের পর মামলা নিষ্পত্তিতে গতি আনতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই বেঞ্চ গঠন করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম।

দুটি বেঞ্চের একটির নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

এই বেঞ্চের বিচারপতিরা সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে বিচার কাজ পরিচালনা করবেন।

বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন অন্য বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই নম্বর বিচারকক্ষে বসবে বলে নিবন্ধক জানান।

তিনি বলেন, মামলার নিষ্পত্তির গতি বাড়াতে এই ব্যবস্থা করা হয়েছে।

যুদ্ধাপরাধের মামলায় সরকার ও আব্দুল কাদের মোল্লার আপিল শুনানি হবে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চেই, যা সোমবারের কার্যতালিকায়ও রয়েছে।

এই বেঞ্চের অন্য পাঁচ বিচারপতি হচ্ছেন, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃত্বাধীন বেঞ্চে অন্যদের মধ্যে থাকছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অনলাইনে প্রকাশিত সুপ্রিম কোর্টের কার্যতালিকায় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আদালতে মোট চারটি মামলা রয়েছে। চতুর্থ নম্বরে থাকা কাদের মোল্লার মামলাটি আসবে শুনানির জন্য।

বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃত্বাধীন আদালতে মোট ৩২টি মামলা সোমবারের কার্যতালিকায় রয়েছে।

আপিল বিভাগে এতদিন একটি বেঞ্চই বিচারকাজ পরিচালনা করে আসছিল।

একটি বেঞ্চ থাকলে সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে আপিল বিভাগের বিচারপতিরা বিচার কাজ পরিচালনা করেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতিদের বিচারকাজ পরিচালনার জন্য দ্বিতীয় বিচারকক্ষ ফাঁকাই পড়ে থাকে।

অতীতে বিভিন্ন সময়ে বিচারপতিদের সংখ্যা বেশি থাকলে মামলার চাপ কমানো বা গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য আপিল বিভাগের একাধিক বেঞ্চ আলাদা বিচারকক্ষে কাজ করেছে।

বিচারপতি খায়রুলের হকের আমলে সর্বশেষ আপিল বিভাগে পৃথক বেঞ্চ দেখা গেছে।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ মামলায় নতুন দুই বিচারপতি
শপথ নিলেন ৪ বিচারপতি