২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলায় নতুন দুই বিচারপতি

যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার মামলায় সুপ্রিম কোর্টের আপিল শুনানিতে থাকছেন নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 04:55 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার এ মামলায় রাষ্ট্র ও আসামি দুই পক্ষেরই আপিল শুনানির দিন ধার্য আছে। সুপ্রিম কোর্টের দিনের কার্যতালিকায় মামলাটি  রাখা হয়েছে ১২ নম্বরে।

কার্যতালিকা অনুসারে এ মামলার শুনানিতে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চের নেতৃত্বে দেবেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নিজেই।

বেঞ্চে আরো থাকছেন বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

সুপ্রিম কোর্টের রোববারের কার্যতালিকায় মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে প্রথম ১০টিতে পুরনো ছয় বিচারপতির নাম রয়েছে। শপথের পর ১০ বিচারপতি বসবেন একত্রে। তাদের সবার নামে উল্লেখিত বেঞ্চে একটি মামলা রয়েছে। অন্যদিকে সবার শেষে নতুন দুই বিচারপতিকে নিয়ে ৬ জনের নাম রয়েছে কাদের মোল্লার বিষয়ে আপিল শুনানির জন্য।

সাড়ে ১০টায় নতুন চার বিচারপতির শপথ হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার হাই কোর্টের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগে সম্মতি দেন রাষ্ট্রপতি। পরে ওইদিনই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগ পাওয়া এই চার বিচারপতি হলেন- বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এই চার বিচারকের নিয়োগের পর আপিল বিভাগের বর্তমান বিচারকের সংখ্যা পৌছে দশে।

আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ আনোয়ারুল হক ২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন। ২০০৩ সালের ৩ জুলাই তার নিয়োগ স্থায়ী হয়।

তিনি ১৯৭২ সালের ১৫ এপ্রিল মুন্সেফ হিসাবে বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন।

সিদ্দিকুর রহমান মিয়া ১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসাবে যোগ দিয়ে ১৯৯৩ সালের ৩ মার্চ জজ হিসাবে পদোন্নতি পান।

তিনি ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী হন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। আট বছর পর ২০০৯ সালের ২৫ মার্চ তার নিয়োগ স্থায়ী হয়।

এই বিচারপতি ১৯৮১ সালের ২১ অগাস্ট আইন পেশায় যোগ দেন। আইনজীবী হিসেবে ১৯৮৩ সালে হাই কোর্টে কাজ শুরু করেন তিনি।

১৯৭৮ সালে হাই কোর্টে আইন পেশায় যোগ দেয়া এএইচএম শামসুদ্দিন চৌধুরী ২০০১ সালের ৩ জুলাই ফেব্রুয়ারি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।

তিনিও আট বছর পর হাসান ফয়েজের সঙ্গে ২০০৯ সালের ২৫ মার্চ স্থায়ী নিয়োগ পান।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী হাই কোর্ট বিভাগের বিচারকদের বর্তমান জ্যেষ্ঠতার ক্রমে ৪১ এবং ৪২তম হিসাবে রয়েছেন।

তবে হাই কোর্ট বিভাগে অস্থায়ী বিচারক হিসাবে মেয়াদ শেষ করার পর যথাসময়ে স্থায়ী হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্ট বিভাগের সর্বজ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের চেয়েও জ্যেষ্ঠ থাকতেন। আর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর অবস্থান হতো বিচারপতি আনোয়ারুল হকের পরেই।

বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক হাই কোর্ট বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে শীর্ষে ছিলেন। সিদ্দিকুর রহমান মিয়া জ্যেষ্ঠতার ক্রমে পাঁচ নম্বরে অবস্থান করছেন। মাঝের তিন বিচারকের সঙ্গে একইদিনে তিনি নিয়োগ পেয়েছিলেন। তবে বয়স কম হওয়ার জ্যেষ্ঠতার ক্রমে পিছিয়ে পড়েন।