২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন ৪ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন বিচারক হিসেবে শপথ নিয়েছেন চার বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:12 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকালে শপথ নেওয়ার পর এজলাসে তাদের সংবর্ধনাও দিয়েছেন আইনজীবীরা।

তবে ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে ‘জ্যেষ্ঠতা’ লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা।

নতুন চার বিচারক হলেন- বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

সকাল পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথ পড়ান। নতুন নিয়োগ পাওয়া চার বিচারক একে একে শপথ বাক্য পাঠ করেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা উপস্থিত অনুষ্ঠানে ছিলেন।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি এই চারজনকে নিয়োগ দেয়ায় আপিল বিভাগে বিচারকের সংখ্যা এখন ১০ জন।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।

শপথের পর বেলা ১২টায় প্রধান বিচারপতির নতুন চারজনসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাসে আসেন।

কানায় কানায় পূর্ণ উচ্চ আদালতের সবচেয়ে বড় ১ নম্বর বিচার কক্ষে নতুন নিয়োগ পাওয়া চার বিচারপতিকে পৃথক বক্তব্যে অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন।

সংবর্ধিত বিচারপতি আনোয়ারুল হক বলেন, “মানুষ হিসাবে আমি ভুল-ত্রুটির উর্ধ্বে নই। তাই আপনাদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা পেলে বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারব।”

বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বিচার কাজ চালিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আজ আমরা সবাই যার যার অবস্থানে আসতে পেরেছি। এই দেশ না হলে আমরা আমাদের এই অবস্থানে আসতে পারতাম না। আজকে তাই প্রশ্ন হচ্ছে, আমরা রাষ্ট্রকে কী দিচ্ছি।

“আজ সবাই মিলে বিচার বিভাগকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, বিচার আইন অনুসারেই হবে ইনশাল্লাহ।”

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, “হাই কোর্টে বিচার করার সময় আমরা ভাবতাম, আমাদের উপরে আরেকটি কোর্ট আছে।

“আপিল বিভাগ হচ্ছে, সর্বোচ্চ জায়গা। তাই এখানে ভুল ভ্রান্তির কোনো অবকাশ নেই। যে শপথ বাক্য আমি পাঠ করেছি, তার উপর যেন দৃঢ় থাকতে পারি।

‘জুডিসিয়াল অ্যাক্টিভিজমের’ কথা উল্লেখ করে তিনি বলেন, সাহস বিচারপতিদের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত।

বক্তব্যের পর প্রধান বিচারপতি সংবর্ধনার সঙ্গে আপিল বিভাগের দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

‘পাল্টাপাল্টি তালা’

এদিকে সকালে শপথ অনুষ্ঠানের আগেই আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।

তারা মিছিল নিয়ে আইনজীবী সমিতি ভবন থেকে দোতলার পথ ধরে এগোলে আদালত ভবনের ফটকে কর্মচারীরা তালা লাগিয়ে দেন।

সেখানে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন, নবনির্বাচিত সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রমুখ।

সমাবেশে জয়নুল আবেদীন বলেন, “জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপিল বিভাগে বিচারক নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।”

নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক হাই কোর্ট বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে শীর্ষে ছিলেন।

সিদ্দিকুর রহমান মিয়া জ্যেষ্ঠতার ক্রমে পাঁচ নম্বরে অবস্থানে ছিলেন। মাঝের তিন বিচারকের সঙ্গে একইদিনে তিনি নিয়োগ পেয়েছিলেন। বয়স কম হওয়ার জ্যেষ্ঠতার ক্রমে তিনি পিছিয়ে পড়েন।

হাই কোর্ট বিভাগে অস্থায়ী বিচারক হিসাবে মেয়াদ শেষ করার পর যথাসময়ে স্থায়ী হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্ট বিভাগের সর্বজ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের চেয়েও জ্যেষ্ঠ থাকতেন। আর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর অবস্থান হতো বিচারপতি আনোয়ারুল হকের পরেই।

জয়নাল আবেদীন বলেন, “নিয়োগ পাওয়াদের মধ্যে একজন বিতর্কিত বিচারকও রয়েছেন। যার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ রয়েছে।”

ওই বিচারকদের শপথ পড়ানোয় তিনি প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের পদত্যাগও দাবি করেন।

আদালত ভবনের সামনে বন্ধ ওই ফটকটির সামনে সমাবেশ চলাকালে এক পর্যায়ে তালাটি খুলে নেয়া হয়। তবে সমাবেশ শেষে যাওয়ার সময় ওই ফটকে তালা ঝুলিয়ে যান বিক্ষুব্ধ ওই আইনজীবীরা।

আদালত ভবনের প্রবেশে দোতলার ফটকের সামনে বিক্ষোভ চলায় সংবর্ধনায় অংশগ্রহনেচ্ছু আইনজীবীরা নিচতলার ফটক ব্যবহার করেন।

আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ আনোয়ারুল হক ২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন।

২০০৩ সালের ৩ জুলাই তার নিয়োগ স্থায়ী হয়। তিনি ১৯৭২ সালের ১৫ এপ্রিল মুন্সেফ হিসাবে বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন।

সিদ্দিকুর রহমান মিয়া ১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসাবে যোগ দিয়ে ১৯৯৩ সালের ৩ মার্চ জজ হিসাবে পদোন্নতি পান।

তিনি ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী হন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। আট বছর পর ২০০৯ সালের ২৫ মার্চ তার নিয়োগ স্থায়ী হয়।

এই বিচারপতি ১৯৮১ সালের ২১ অগাস্ট আইন পেশায় যোগ দেন। আইনজীবী হিসেবে ১৯৮৩ সালে হাই কোর্টে কাজ শুরু করেন তিনি।

১৯৭৮ সালে হাই কোর্টে আইন পেশায় যোগ দেয়া এএইচএম শামসুদ্দিন চৌধুরী ২০০১ সালের ৩ জুলাই ফেব্রুয়ারি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।

তিনিও আট বছর পর হাসান ফয়েজের সঙ্গে ২০০৯ সালের ২৫ মার্চ স্থায়ী নিয়োগ পান।