কুমিল্লা কারাগারে পরীক্ষা দেবেন ১৭ বন্দি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবেন ১৭ জন বন্দি।
কারাগারের সিনিয়র জেল সুপার সুবোধ রঞ্জন সাহা বিষয়টি নিশিচ্ত করেন।
তিনি বলেন, ১৭ বন্দির মধ্যে ছয় জন ছিলেন ঢাকার কাশিমপুর কারাগারে। পরীক্ষা দেয়ার জন্য শনিবার তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কারাগারের ভিতর একটি রুমকে পরীক্ষা গ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তার হন। জেল কোড অনুযায়ী কারাগারের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করলে বোর্ড মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, কারাগারে কোনো কেন্দ্র বা সাব কেন্দ্র হবে না। এখানে শুধু পরীক্ষা গ্রহণ করা হবে। এরা যে যে কলেজের শিক্ষার্থী ছিলেন তারা ওইসব কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবেই বিবেচিত হবেন। বোর্ডের একটি ভিজিল্যান্স টিম কারাগারে যাবে।
