২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে ৬০ বছরের কারাদণ্ড

এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.  রেজাউল করিম রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া  নূরুল আমিন (২২) কর্ণফুলী থানার জুলধা এলাকার নূরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুটি ধারায় ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছে।

“আদালত বলেছে, দুই সাজার মেয়াদ পর্যায়ক্রমে কার্যকর হবে। অর্থাৎ নূরুলকে মোট ৬০ বছর সাজা ভোগ করতে হবে।”

একইসঙ্গে নূরুলকে দুই ধারায় ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে চন্দন তালুকদার জানান।

মামলার নথি থেকে জানা যায়, ঘটনার শিকার কিশোরী ২০১০ সালের ২৪ অক্টোবর তার ভাইয়ের সঙ্গে জুলধা এলাকায় চাচার বাড়িতে বেড়াতে যায়।

ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কিশোরীকে অপহরণ করে নূরুল আমিন নগরীর ফ্রি পোর্ট এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। 

পরদিন কিশোরীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কর্ণফুলী থানায় মামলা করেন।

ওই বছর ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরের বছরের ১৫ মে অভিযোগ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।