সোমবার কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ জানান, বুধবার দুপুরে মিছিলে নেতাকর্মীদের উপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যুর প্রতিবাদে এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুপুরে জামায়াত-শিবির শহরের কান্দিরপাড় এলাকা থেকে একটি মিছিল বের করে।
মিছিলটি লাকসাম রোডের কাসিমমূল মাদ্রাসা এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন মোহাম্মদ।
তিনি সাংবাদিকদের জানান, মিছিলকারীদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনসহ এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার আমিনুল হকসহ ছয় জনকে আটক করেছে বলে জানান ওসি।
মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করেন, পুলিশের হামলায় তাদের ৫ কর্মী আহত হয়েছেন।
