২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে হরতালে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:05 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার ভোর সাড়ে ৬টার দিকে শহরের টোলঘর এলাকায় হরতাল সমর্থকরা একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে জানান কোতয়ালী থানার এসআই রওশন কবির।

সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজারামপুর এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা হরতালের সমর্থনে লাঠি মিছিল করে।

এর আগে শনিবার রাত একটার দিকে শহরের শিবতলা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।

এসআই রওশন জানান, এ সময় পুলিশ চারজনকে হাতেনাতে আটক করে।

এছাড়া বিশৃঙ্খলার আশংকায় শিবগঞ্জ পৌর এলাকায় ও কানসাট বাজারে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাংচুরের মামলার আসামি ধরতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে তিনজন নিহত হয়।

এ ঘটনার প্রতিবাদে ১৮ দলীয় জোট রোববার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।