২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ঝড়ে নিহত ২

কালবৈশাখী ঝড়ে নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার বিকালে এ ঝড়ে দেয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ২০ জন।

অর্ধশতাধিক গ্রামে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

নিহতরা হলেন পত্নীতলার চক শ্রীপুর গ্রামের শিক্ষক মামুনুর রশিদ (৫০) এবং নাগরগোলা গ্রামের হেমু (৯)।

আহতদের মধ্যে অন্তত ২০ জনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টনের্ডোর আঘাতে ৩৪ জনের মৃত্যু হয়। আহত হয় তিন শতাধিক মানুষ। এছাড়া এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মো. রফিক বলেন, বিকাল ৫টার দিকে পত্নীতলা, নজিপুর, ঘোষনগর ও পাটিচরা ইউনিয়নের উপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

এতে চার ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম এবং ধামইরহাট উপজেলার আড়ানগর ও ইসবপুর ইউনিয়নের ২০টি গ্রামের অন্তত দেড় শতাধিক বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রায় আট মিনিট স্থায়ী এই ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়েছে। বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেয়ালচাপা পড়ে চক শ্রীপুর গ্রামে একজন এবং নাগরগোলা গ্রামে একজনের মৃত্যু হয়।

ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বৈদ্যবাটি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলেও তিনি জানান।

নওগাঁ জেলা প্রশাসক মো. এনামূল হক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে সঙ্গে নিয়ে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নীতিমালা অনুসারে সাহায্য দেয়ার আশ্বাস দেন তিনি।