রমনা পার্কে ‘হরতাল’
বিরোধী দলের ডাকা হরতাল হচ্ছে না বলে সরকারের মন্ত্রীরা বলে এলেও রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র রমনা পার্কে প্রতিটি হরতালই ‘পালিত’ হচ্ছে।
হরতালের সময় পুলিশ এই পার্কটি বন্ধ রাখছে। ফলে ‘কনক্রিটের জঞ্জালের’ শহরে যারা এই পার্কে প্রাতঃভ্রমণ করেন নিয়মিত, তারা সমস্যায় পড়েছেন। এনিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।
বুধ ও বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের সময় পার্কটির ফটক দিয়ে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরেও গিয়ে দেখা যায়, পার্কে ঢোকার প্রধান পাঁচটি ফটকই তালাবদ্ধ। এর মধ্যে তিনটি ফটকে ছিল পুলিশের পাহারা।
আগের হরতালেও একই অবস্থা ছিল বলে জানা গেছে।
কারণ জানতে চাইলে রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অামি এক কথায় বলব, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শুধু হরতালের সময়ে পার্কটি বন্ধ রাখা হচ্ছে।”
এ সময়ে রাজধানীর অন্য পার্ক বন্ধ রাখা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, তা তার জানা নেই।
পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা দায়িত্ব পালন করছি।
“আমাদের বলা হয়েছে, হরতালের সময় কেউ যেন পার্কে প্রবেশ করতে না পারে। আমরা সেদিকে খেয়াল রাখছি।”
পার্কটির পাহারায় থাকা পুলিশ কর্মকর্তারা জানান, পার্কের ভেতর থেকে নাশকতা ঠেকাতেই বন্ধ রাখার সিদ্ধান্ত।
“পার্কের দেয়াল ও বাগানকে ঢাল হিসেবে ব্যবহার করে সড়কে হাতবোমা ছোড়া হতে পারে, আবার সড়কে বোমা ফাটিয়ে পার্কের ভেতর দিয়ে পালিয়ে যাওয়াও সহজ,” বলেন এক কর্মকর্তা।
রমনা পার্ক, রাজধানীতে প্রাতভ্রমণের জন্য অনেকের প্রিয় স্থান।
ক্রমবর্ধমান নগরীর বুকে ‘এক চিলতে সবুজ’ রমনা পার্কে একটি রেস্তোরাঁ রয়েছে। হরতালের সময় রেস্তোরাঁটি খোলা থাকলেও কোনো ক্রেতা ছিল না।
এতে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর মহাব্যবস্থাপক আশিষ কুমার দত্ত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিক সময়ে যে ক’দিনই হরতাল হয়েছে, সে ক’দিনই গেইট বন্ধ রাখা হয়েছে। পার্কের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হয়নি।”
রেস্তোরাঁটি পার্কের যে দিকটায়, সেদিকের (পুরনো সড়ক ভবনের বিপরীত পাশে) ফটকটি খোলা রাখতে পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করেও সাড়া মেলেনি বলে জানান আশিষ।
“পরে আমাদের মালিক এসে অনুরোধ করায় বড় গেইটের পকেট গেইটটি খুলে দিয়েছে।”
